স্টেশন চত্বর পরিষ্কার রাখতে এবার নজিরবিহীন কড়া অবস্থান নিল পূর্ব রেলওয়ে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বছরভর বিশেষ অভিযানে রেকর্ড সংখ্যক নিয়মভঙ্গকারীকে শনাক্ত করা হয়েছে। আরপিএফ (RPF)-এর দেওয়া তথ্য অনুযায়ী, রেল চত্বরে নোংরা করার অপরাধে মোট ৭১,১৮০ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বড় স্টেশনগুলোতে সিসিটিভির মাধ্যমে চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। যাত্রীদের যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা রুখতে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেই এই এনফোর্সমেন্ট ড্রাইভ। রেলের আধিকারিকদের মতে, পরিচ্ছন্নতা বজায় রাখা একটি যৌথ দায়িত্ব। তাই জরিমানার পাশাপাশি সচেতনতা বাড়াতে মাইকিং এবং প্রচারও চালানো হচ্ছে। ডাস্টবিন ব্যবহার করার জন্য যাত্রীদের বারবার অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পূর্ব রেল।