স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক প্রয়াণ, শোকস্তব্ধ জুবিন গর্গের ভক্তরা, আসামে মোমবাতি মিছিল

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। প্রিয় গায়কের এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা অসমজুড়ে। তার হাজার হাজার ভক্ত চোখের জলে তাদের প্রিয় জুবিন দা-কে শ্রদ্ধা জানাচ্ছেন।
গায়ক জুবিন গর্গের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন তার ভক্তরা। বহু অনুরাগী তাদের প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে অসমের বিভিন্ন শহরে মোমবাতি মিছিল করেছেন। তাদের প্রিয় গায়কের জন্য প্রার্থনা করেছেন এবং তার গান গেয়ে তাকে স্মরণ করেছেন। জুবিন গর্গের অগণিত ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করছেন।
জুবিন গর্গ ছিলেন অসমের একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তার গান অসমিয়া ভাষা ছাড়াও হিন্দি, বাংলা এবং অন্যান্য ভাষায় সমানভাবে জনপ্রিয় ছিল। তার আকস্মিক মৃত্যুতে শুধু অসম নয়, দেশের অন্যান্য প্রান্তের সঙ্গীতপ্রেমীরাও গভীরভাবে শোকাহত।