সোনারপুরে বাইক চালককে কোপানোর ঘটনায় আটক ২ নাবালক, আসল রহস্য কী?

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এক অ্যাপ বাইক চালককে চপার দিয়ে এলোপাথাড়ি কোপানোর ঘটনায় দুই নাবালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোনারপুর ও বারুইপুর থানার সীমান্তে সরকার মোড়ের কাছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে বাইক চালক মহম্মদ মেহেবুব বাড়ি ফিরছিলেন। রাত দেড়টা নাগাদ তিনি যখন গড়িয়া-বারুইপুর রোডের মালঞ্চ থেকে মল্লিকপুরের দিকে যাচ্ছিলেন, তখন দুজন তার বাইকের সামনে এসে দাঁড়ায়। বাইকটি স্লো করতেই তারা বাইকের হ্যান্ডেল ধরে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মেহেবুব বাধা দিলে তারা তাকে চপার দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে।
মেহেবুবের চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এসে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। এরপর সোনারপুর থানার পুলিশ এসে আহত বাইক চালককে হাসপাতালে পাঠায় এবং দুই নাবালককে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটক হওয়া দুজনই নাবালক এবং তাদের বাড়ি মল্লিকপুর এলাকায়। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনাটি স্বীকার করেছে। পুলিশের মতে, এই ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি মাঠের ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দুই নাবালকের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও চপার দিয়ে আরেক নাবালককে কোপানোর অভিযোগ ছিল।
দুই নাবালকের এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ার ঘটনায় পুলিশও হতবাক। আজ তাদের জুভেনাইল আদালতে তোলা হবে।