তিলোত্তমার বুকে ফের চলচ্চিত্র উৎসবের আমেজ। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে ‘ফিল্ম মেকার্স ডেন প্রোডাকশন্স’-এর নিবেদনে আয়োজিত হচ্ছে ‘কলকাতা ইন্টারন্যাশনাল ইনডিপেনডেন্ট ফিল্ম কম্পিটিশন ২০২৬’। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান এবং স্বাধীন চিত্রপরিচালকদের সৃষ্টিকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রদান করা।
আয়োজক সূত্রের খবর, এবারের প্রতিযোগিতায় মোট ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। যার মধ্যে রয়েছে— সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র, সেরা ভারতীয় চলচ্চিত্র, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সেরা তথ্যচিত্র, সেরা সংগীত ভিডিও এবং সেরা অ্যানিমেশন। শুধু পরিচালনা নয়, কারিগরি বিভাগ যেমন— সেরা সম্পাদনা, চিত্রগ্রহণ এবং আবহ সংগীতের জন্যও থাকছে বিশেষ সম্মান। এই উদ্যোগকে ইতিমধ্যে চলচ্চিত্র মহলের বিশিষ্টরা সাধুবাদ জানিয়েছেন। সংশ্লিষ্ট মহলের মতে, বড় বাজেটের বাণিজ্যিক ছবির ভিড়ে এই ধরনের প্রতিযোগিতা স্বাধীন নির্মাতাদের নতুন দিশা দেখাবে। পুরস্কার প্রাপকদের নাম ও চূড়ান্ত তালিকা শীঘ্রই ডেইলিয়ান্ট-এর পাতায় দেখতে পাবেন।





