চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ ছিলেন তিনি। কিন্তু রাজনীতির রঙ্গমঞ্চে দু’বছরের ব্যবধানে সেই ছবি আমূল বদলে গেল। গত শনিবার অভিষেকের হাত থেকেই ঘাসফুল শিবিরের পতাকা তুলে নিয়েছেন প্রাক্তন বাম ছাত্রনেতা প্রতীক উর রহমান। দলবদলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। এরই মধ্যে বৃহস্পতিবার নিজের ফেসবুক প্রোফাইল পিকচার (DP) বদলে স্পষ্ট বার্তা দিলেন তিনি— ‘রাস্তাই একমাত্র রাস্তা’।
তৃণমূলে যোগ দেওয়ার পর বাম কর্মী-সমর্থকদের একাংশের তোপের মুখে পড়েছেন প্রতীক। তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রতি তাঁর শ্রদ্ধা অটুট। প্রতীক বলেন, “সেলিমদার সঙ্গে দেখা হলে হাত ধরে ক্ষমা চেয়ে নেব। বলব, আপনার শেষ কথাগুলোই আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।” দীর্ঘ ২০ বছর সিপিআইএম করার পর কেন এই দলবদল? প্রতীকের দাবি, বাম দলে থেকে তিনি প্রশ্ন করার জায়গা পাননি, যা তিনি তৃণমূলে পাওয়ার আশা রাখছেন।
এদিকে, তাঁকে ‘টাকার বিনিময়ে দলবদল’ করার যে খোঁচা দেওয়া হচ্ছে, তার জবাবে এক অভিনব তথ্য ফাঁস করেছেন প্রতীক। তিনি জানান, তাঁর নিজের ফোনে বর্তমানে ইনকামিং কল বন্ধ কারণ রিচার্জ করার টাকা নেই। তাঁর কথায়, “টাকা পেলে অন্তত ফোনটা রিচার্জ করতাম।” গঠনতন্ত্র অনুযায়ী সিপিআইএম থেকে বহিষ্কৃত এই নেতা এখন পুরোদমে তৃণমূলের সৈনিক হিসেবে মানুষের জন্য কাজ করতে মরিয়া।