‘সেরাটা তুলে রেখেছি ফাইনালের জন্য’, দু’বার হারার পরেও আত্মবিশ্বাসী পাকিস্তান, সূর্যকুমারের ‘হ্যান্ডশেক বিতর্ক’ গড়াল ট্রফি ফটোশ্যুট পর্যন্ত

এশিয়া কাপ (Asia Cup 2025)-এর ফাইনালে রবিবার ফের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। মরুদেশে ট্রফিযুদ্ধের আগে মাঠের বাইরের বিতর্ক আর উত্তেজনা ফের এক দফা বেড়ে গেল। গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুই সাক্ষাতে দুইবারই পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। যদিও ক্রিকেট ছাপিয়ে আলোচনায় এসেছে দুই দলের ক্রিকেটারদের মধ্যে তৈরি হওয়া ‘করমর্দন কাণ্ড’ ও ‘ফটোশ্যুট বিতর্ক’।

করমর্দন ও ফটোশ্যুট বিতর্ক
চলতি এশিয়া কাপে টসের পর পাক অধিনায়ক আঘা সলমনের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকি ম্যাচের পরেও ভারতীয় ক্রিকেটারেরা পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি বলে অভিযোগ ওঠে, যা নিয়ে জল গড়িয়েছিল আইসিসি-র দরবারে।

ফাইনালে ট্রফি নিয়ে সেই বিতর্ক ফের নতুন মাত্রা পেল। জানা যাচ্ছে, ফাইনালের আগে প্রথামাফিক ট্রফি নিয়ে ফটোশ্যুট করতে নাকি রাজি হননি সূর্যকুমার যাদব। ফলে আঘা সলমনের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক ফটোশ্যুট হয়নি। দুই শিবিরের মধ্যে এই শীতল সম্পর্ক ম্যাচের আগে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

‘দ্বৈরথ আর জমছে না,’ বললেন সূর্যকুমার
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর এই এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে একসময় সংশয় ছিল। যদিও শেষ পর্যন্ত ভারত খেলতে নামে এবং দুবারই সহজে পাকিস্তানকে হারায়।

পাক দলের বিরুদ্ধে এতটাই একপেশে লড়াই হয়েছে যে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেই দিয়েছেন, এই দ্বৈরথ আর জমছে না। তাঁর মতে, “এটাকে দ্বৈরথ বলা চলে না।”

পাক অধিনায়কের হুঁশিয়ারি: ‘সেরাটা তুলে রেখেছি ফাইনালের জন্য’
টানা দুই ম্যাচ হারলেও ফাইনালের আগে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁদের সেরাটা তুলে রাখা আছে ফাইনালের জন্যই।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে সলমন বলেন, “ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হলেই সব সময় খুব চাপ থাকে দুই দেশের ওপরই। আমি যদি বলি কোনও চাপ নেই সেটা ভুল বলা হবে।”

পাক অধিনায়কের বিশ্বাস, “ওদের চেয়ে আমরা বেশি ভুল করেছি। সেই কারণে ম্যাচ জিততে পারিনি। ওদের চেয়ে কম ভুল করলেই আমরা জিতব। যে দল কম ভুল করবে, তারাই জিতবে। আমরা কম ভুল করার চেষ্টা করব।”

এখন দেখার, এই তীব্র উত্তেজনা ও বিতর্কের মধ্যে রবিবারের ফাইনালে ভারত পাক-বধের হ্যাটট্রিক করে ট্রফি জেতে, নাকি পাকিস্তান সব অঙ্ক পাল্টে দেয়।