মুক্তির আগেই চরম বিপত্তি! যশের ‘টক্সিক’ ইভেন্টে হুড়মুড়িয়ে ভাঙল খুঁটি, আহত ২

আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুচর্চিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। কিন্তু মুক্তির আগে থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে এই ছবি। চিত্রনাট্যে অতিরিক্ত অন্তরঙ্গ দৃশ্য থাকা এবং পরে নায়িকার আপত্তিতে তা বাদ দেওয়ার গুঞ্জনের মাঝেই এবার ছবির প্রচারমূলক অনুষ্ঠানে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার হায়দরাবাদের মল্লা রেড্ডী বিশ্ববিদ্যালয়ে ছবির প্রচারে গিয়ে চরম বিশৃঙ্খলার মুখে পড়ল ‘টক্সিক’ টিম, যার জেরে গুরুতর আহত হয়েছেন দুই পড়ুয়া।

জানা গিয়েছে, শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যশ, কিয়ারা আডবাণী ও হুমা কুরেশিদের দেখতে হাজার হাজার ছাত্রছাত্রীর ভিড় উপচে পড়েছিল। ‘রকি ভাই’-কে এক ঝলক দেখার উন্মাদনায় বেশ কয়েকজন পড়ুয়া একটি দুর্বল খুঁটির ওপর উঠে পড়েন। মঞ্চ থেকে এই দৃশ্য দেখতে পেয়ে যশ নিজে মাইকে বারবার তাঁদের নেমে আসার অনুরোধ করেন। কিন্তু সুপারস্টারের সেই সতর্কবার্তায় কেউ কান দেননি। অতিরিক্ত ভার সামলাতে না পেরে আচমকাই খুঁটিটি হেলে পড়ে এবং নিচে থাকা দুই তরুণের ওপর ভেঙে পড়ে।

ঘটনার আকস্মিকতায় গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তা রক্ষার্থে মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই ছাত্রকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও, যশ নিজে তাঁদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। উল্লেখ্য, এই দিনের প্রচার অনুষ্ঠানে তারা সুতারিয়া এবং নয়নতারা উপস্থিত ছিলেন না। মুক্তির ঠিক মুখে এই অনভিপ্রেত ঘটনা ছবির প্রচারকে কতটা প্রভাবিত করে, সেটাই এখন দেখার।