সেক্স ট্যুরিজম হাব পাটায়ায় ব্যাপক ধড়পাকড়! জেনেনিন কেন এই তৎপরতা?

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাটায়ায় এখন শুরু হয়েছে কঠোর পুলিশি অভিযান। শহরের অলিতে-গলিতে থাকা যৌন ব্যবসার নেটওয়ার্ক ও যৌনপল্লির বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান শুরু হওয়ার পেছনে রয়েছে এক বিশেষ কারণ। আমেরিকার একটি সুবিশাল এয়ারক্রাফ্ট কেরিয়ার বন্দরটিতে ভিড়তে চলায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
খাতায়কলমে থাইল্যান্ডে দেহব্যবসা বেআইনি হলেও পাটায়াতে এই ব্যবসা দীর্ঘদিন ধরে দেদার চলে। মার্কিন এফবিআই এই শহরটিকে বিশ্বের অন্যতম বড় সেক্স ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে চিহ্নিত করেছিল। তবে সম্প্রতি মার্কিন নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য ওই জাহাজে করে পাটায়ায় এসে পাঁচ দিন ছুটি কাটাতে চলেছেন। দীর্ঘ আড়াইশো দিন সমুদ্রে কাটিয়ে এবং নানা প্রতিকূলতার মধ্যে কাজ করার পর তাঁরা স্থলভাগে পা রাখছেন। সেনাসদস্যদের এই আগমন ঘিরে যাতে কোনও অনৈতিক কার্যকলাপ বা যৌন শোষণের ঝুঁকি তৈরি না হয়, সে কারণেই শহরজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিশেষ করে শিশু যৌন ব্যবসা চালানো নেটওয়ার্কগুলিকে নির্মূল করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, মার্কিন নাবিকদের যেন কোনওভাবেই অতিরিক্ত দাম দিয়ে ঠকানো না হয়। অন্যদিকে, দীর্ঘ মন্দার পর হাজার হাজার মার্কিন সেনার এই আগমন স্থানীয় পর্যটন অর্থনীতিকে ফের চাঙ্গা করবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তবে একই সঙ্গে অপরাধমূলক কাজকর্ম ও স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই কঠোর ব্যবস্থা নিয়েছে থাইল্যান্ড প্রশাসন।