ট্রেনের টিকিট বুক করতে গিয়ে ‘সার্ভার ডাউন’ বা ‘সেশন এক্সপায়ারড’ মেসেজ দেখে বিরক্ত হওয়ার দিন শেষ হতে চলেছে। ভারতীয় রেল তাদের পুরনো প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) আমূল বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ১০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই নতুন সিস্টেমে টিকিট বুকিংয়ের ক্ষমতা বর্তমানের তুলনায় এক ধাক্কায় ৫ গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে।
বর্তমানে প্রতি মিনিটে ২৫ হাজার টিকিট বুক করা যায়, কিন্তু নতুন ব্যবস্থায় প্রতি মিনিটে ১ লক্ষ ২৫ হাজার টিকিট বুক করা সম্ভব হবে। বিশেষ করে তৎকাল টিকিটের ক্ষেত্রে সকাল ১০টা বা ১১টায় যে ব্যাপক চাপ তৈরি হয়, তা সামাল দিতে এই নতুন প্রযুক্তি ঢাল হিসেবে কাজ করবে। অবৈধ সফটওয়্যার ব্যবহার করে দালালি চক্র রুখতে ইতিমধ্যেই ২.৫ কোটি ভুয়ো ইউজার আইডি ব্লক করেছে রেল কর্তৃপক্ষ।
সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS) জানিয়েছে, নতুন এই সিস্টেমের পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে এপ্রিল থেকে জুনের মধ্যেই যাত্রী সাধারণ এই উন্নত পরিষেবা পেতে শুরু করবেন। মূলত ২০২৬ সালের অগস্টের মধ্যে সম্পূর্ণ আধুনিকীকরণের লক্ষ্যমাত্রা থাকলেও, প্রাথমিক সুবিধাগুলি খুব শীঘ্রই চালু হতে চলেছে। এর ফলে সাধারণ মানুষকে আর টিকিটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না এবং জালিয়াতিও অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।