সূর্যকুমারের পর এবার আর্শদীপ নিশানায়! ফাইনালের আগে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি-তে কেন অভিযোগ দায়ের করল পিসিবি?

এশিয়া কাপের ফাইনালের আগে মাঠের বাইরের লড়াইয়ে মেতে উঠেছে দুই ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে মাঠের বাইরের লড়াইয়ে এঁটে উঠতে না পেরে ফের বিতর্ক উসকে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সূর্যকুমার যাদবের পর এবার পিসিবি-র নিশানায় ভারতীয় পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। রবিবার ফাইনালের ঠিক আগে এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি-র (International Cricket Council) কাছে অভিযোগ দায়ের করেছে পিসিবি।

আর্শদীপের বিরুদ্ধে কী অভিযোগ?
পিসিবি অভিযোগ করেছে, চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন দর্শকদের উদ্দেশ্যে ‘অশালীন অঙ্গভঙ্গি’ করেছেন আর্শদীপ। এই অভিযোগের মাধ্যমে পিসিবি তাদের পুরোনো বিতর্কিত কর্মকাণ্ডকেই আবার সামনে আনল।

কারণ, এর আগে পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রউফ (ম্যাচ চলাকালীন গ্যালারির দিকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর ভঙ্গি) এবং সাহিবজাদা ফারহান (বাউন্ডারি লাইনে যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত) আইসিসি-র রোষে পড়ার পরেও তাঁদের প্রশ্রয় দিয়েছিল পিসিবি। ক্রিকেটমহলের মতে, এই ঘটনায় তাদের দ্বিচারিতা প্রকট হয়ে উঠেছে। অবশ্য রবিবার ফাইনালের একাদশে নেই আর্শদীপ সিং।

ফাইনালের আগে ভারতের একাদশে পরিবর্তন
এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ম্যাচে চোটের কারণে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) খেলতে পারছেন না।

পরিবর্তন: তাঁর পরিবর্তে কেকেআর-এর তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh) খেলছেন ভারতের প্রথম একাদশে।

বোলিংয়ে ভরসা: দলে ফিরেছেন অভিজ্ঞ বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)।

কৌশলগত পরিবর্তন: ভারত একজন বোলার কমিয়ে অতিরিক্ত ব্যাটার নিয়ে খেলছে। বুমরার সঙ্গে বোলিং আক্রমণ শুরু করতে পারেন শিবম। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হঠাৎ কেন বোলারের সংখ্যা কমিয়ে দেওয়া হলো, তা স্পষ্ট নয়।

এই তীব্র উত্তেজনার আবহে ভারতীয় দল কি পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করে এশিয়া কাপের ট্রফি ঘরে তুলতে পারবে?