সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন! ৬ বছর পর ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আকস্মিক প্রয়াণ ঘিরে রহস্যের মেঘ আজও কাটেনি। অভিনেতার মৃত্যুর প্রায় ৬ বছর পর এক বিস্ফোরক দাবি করে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, সুশান্তের ময়নাতদন্ত যিনি করেছিলেন, তাঁর কাছ থেকেই চাঞ্চল্যকর ও ভয়াবহ তথ্য পেয়েছেন তিনি। শ্বেতার দাবি, সুশান্তের ওপর চরম বলপ্রয়োগ করা হয়েছিল, তাঁর পা ভেঙে দেওয়া হয়েছিল, চোখে আঘাত ছিল এবং ওই ঘটনায় বন্দুকের ব্যবহারও করা হয়েছিল!

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল জনপ্রিয় এই অভিনেতার ঝুলন্ত দেহ। তখন থেকেই এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, সেই নিয়ে দেশজুড়ে প্রশ্ন তুলে আসছিলেন তাঁর পরিবার ও অনুরাগীরা। সম্প্রতি আটলান্টা থেকে ফেরার পর সাধারণ মানুষের আবেগঘন প্রতিক্রিয়ার কথা স্মরণ করে শ্বেতা ভিডিওতে বলেন, শত শত মানুষ তাঁর সঙ্গে দেখা করে কেঁদেছেন এবং প্রত্যেকেই অনুভব করেছেন যে সুশান্তের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে। প্রিয়জনের এমন মর্মান্তিক পরিণতি সহ্য করা কতটা কঠিন, তা উল্লেখ করে শ্বেতা জানান যে তিনি প্রতিশোধের আগুনে জ্বলতে চান না। তাঁর কথায়, ঘৃণা বা ক্ষোভের পথ ছেড়ে তিনি ভালোবাসা, সততা এবং ঈশ্বরের পক্ষে দাঁড়াতে চান।

ভিডিওর শেষভাগে শ্বেতা অনুরাগীদের উদ্দেশে বলেন, পৃথিবীতে অন্যায় থাকলেও যেন কেউ ঈশ্বর বা ভালো কিছুর ওপর থেকে বিশ্বাস না হারান। কষ্টই মানুষকে এক নতুন সত্ত্বায় রূপান্তরিত করে বলে মন্তব্য করেন তিনি। নেতিবাচকতাকে দূরে সরিয়ে রেখে ভালোবাসা ও সত্যের পথে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রয়াত অভিনেতার বোন।