মাত্র ২ বছর বয়সে অবিশ্বাস্য প্রতিভা! রাজধানীর নাম থেকে গীতার শ্লোক, অনর্গল বলে ভাইরাল শিলিগুড়ির খুদে

মাত্র ২ বছর বয়সেই একের পর এক রাজ্যের রাজধানী, ফল, ফুল, রং থেকে শুরু করে পবিত্র গীতার শ্লোক—সবকিছুই অনর্গল বলে তাক লাগিয়ে দিচ্ছে শিলিগুড়ির ছোট্ট হানভিকা সাহা। শরৎচন্দ্রপল্লির এই প্রতিভাবান খুদের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। পরিবারের দাবি, হানভিকা ইতিমধ্যেই দেশের প্রায় ২৯টি রাজ্যের রাজধানীর নাম নির্ভুলভাবে বলতে পারে। পাশাপাশি, তার এই বয়সে বিভিন্ন ধর্মীয় শ্লোক ও সাধারণ জ্ঞান মনে রাখার ক্ষমতা দেখে সকলেই অবাক।

সাধারণত এই বয়সে শিশুরা আধো আধো বুলিতে কথা বলতে শেখে এবং খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু হানভিকার ক্ষেত্রে ছবিটা একেবারে আলাদা। তার অসাধারণ স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তা দেখে পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় তার এই প্রতিভার ভিডিও ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে অজস্র মানুষের। খুদে এই প্রতিভার অনবদ্য মেধা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।