চোখের পলকে ব্যাগ ছিনতাই, তারপর কড়া হুঙ্কার দিয়ে এলোপাথাড়ি গুলি! শিহরণ জাগানো ঘটনার নেপথ্যে কী?

রবিবারের রাতে হুগলির ডানকুনিতে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। দোকান বন্ধ করে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল বেপরোয়া গুলি। ছিনতাইয়ের পাশাপাশি দুষ্কৃতীদের এই গুলিবৃষ্টিতে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ীর নাম পার্থ দাস। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ডানকুনি ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেল গেট এলাকায় এই ঘটনা ঘটে। পার্থবাবু তাঁর স্ত্রীকে বাইকে বসিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় দুটি বাইকে করে আসা পাঁচজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায় এবং সজোরে ধাক্কা মারে। আকস্মিক ধাক্কায় স্বামী-স্ত্রী দুজনেই বাইক থেকে ছিটকে নর্দমায় পড়ে যান। এরপরই ব্যবসায়ীর কাছে থাকা একটি ব্যাগ ছিনতাই করে পালায় তারা।

চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। জনতা জরো হতে দেখেই দুষ্কৃতীরা বন্দুক বের করে পার্থবাবুকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালায় এবং তাঁর স্ত্রীকে ধাক্কা মারে। ভাগ্যক্রমে গুলি ব্যবসায়ীর গায়ে না লেগে একটি বাড়ির দেওয়ালে গিয়ে লাগে। এরপর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যাগের মধ্যে কিছু নগদ টাকা ও মোবাইল ফোন ছিল বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতেই ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, দুষ্কৃতীদের মুখ খোলা ছিল এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের স্কেচ বানানোর কাজ চলছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, দোকান থেকে বের হওয়ার সময় বাইকের সামান্য ধাক্কা লাগার কোনো পুরনো ক্ষোভ বা স্রেফ ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা চালানো হতে পারে। তবে প্রকাশ্যে গুলি চলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে এবং তাঁরা এলাকায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।