রবিবার নন্দীগ্রামের বিরুলিয়ায় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল। অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের শাসকদল ও প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু সরাসরি বিচারব্যবস্থার প্রসঙ্গ টেনে বলেন, “সুপ্রিম কোর্ট এবার টাইট করে দিয়েছে! অন্যায় করে আর পার পাওয়া যাবে না।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমদধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
শুভেন্দু এদিন দাবি করেন, রাজ্যের বিভিন্ন দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। শীর্ষ আদালতের সাম্প্রতিক কিছু পর্যবেক্ষণ ও নির্দেশের দিকে ইঙ্গিত করে তিনি বোঝাতে চান যে, এবার দুর্নীতির সঙ্গে যুক্ত প্রভাবশালীদের রক্ষা পাওয়া কঠিন হবে। নন্দীগ্রামের মাটি থেকে দাঁড়িয়ে শুভেন্দু আরও একবার মনে করিয়ে দেন যে, জনতা এবং বিচারব্যবস্থার সম্মিলিত চাপে শাসকদল এখন কোণঠাসা। বিরুলিয়ার এই অনুষ্ঠান ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
অন্যদিকে, শুভেন্দুর এই মন্তব্যকে পালটা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের দাবি, জনবিচ্ছিন্ন হয়ে এখন কেন্দ্রীয় এজেন্সি আর আদালতের দোহাই দিচ্ছেন বিরোধী দলনেতা। তবে ভোটের আগে নন্দীগ্রামের মতো হাই-প্রোফাইল কেন্দ্রে শুভেন্দুর এমন কড়া সুর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরুলিয়ার জনসভা থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে এবং আইনি পথে তিনি প্রশাসনকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না।