সুপ্রিম কোর্টের নির্দেশে এবার কি সারা দেশে নিষিদ্ধ হবে আতশবাজি? কী বলল শীর্ষ আদালত?
দেশের সব রাজ্যেই আতশবাজির উৎপাদন, বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, আতশবাজি নিয়ে নিষেধাজ্ঞা শুধুমাত্র দিল্লি বা এনসিআর-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, কারণ সারা দেশের মানুষেরই পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়ার অধিকার আছে।
প্রধান বিচারপতি বি আর গাভাই শুনানিতে বলেন, “সুপ্রিম কোর্ট দিল্লিতে রয়েছে, তার মানে এই নয় যে শুধু দিল্লির বাসিন্দারাই পরিষ্কার বাতাসের দাবিদার।” তিনি গত বছর পাঞ্জাবের অমৃতসরে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, সেখানে বায়ুদূষণের মাত্রা দিল্লির চেয়েও বেশি ছিল।
‘প্রত্যেকের বিশুদ্ধ বাতাস পাওয়ার অধিকার আছে’
প্রধান বিচারপতির মতে, “দিল্লির মানুষ উচ্চবিত্ত বলে অন্য রাজ্যের বাসিন্দারা বিশুদ্ধ বাতাসের অধিকারী নন, এমনটা হতে পারে না। তাই একটি সর্বভারতীয় নীতি প্রয়োজন।”
বিচারপতি এ এস ওকা বলেন, দূষণমুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকার সবার জন্য সমান। তিনি আরও বলেন যে, বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ, বিশেষত যাঁরা রাস্তায় কাজ করেন। কারণ সবার ঘরে বা অফিসে এয়ার পিউরিফায়ার রাখার সামর্থ্য নেই।
আদালতের এই মন্তব্য থেকে স্পষ্ট যে, আতশবাজির ওপর নিষেধাজ্ঞা একটি সর্বভারতীয় বিষয় হওয়া উচিত। শীর্ষ আদালত দ্রুত একটি সর্বভারতীয় নীতি গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানিয়েছে।