সুন্দরবনে মর্মান্তিক! স্ত্রীর চোখের সামনেই স্বামীকে টেনে নিয়ে গেল বাঘ, পাথরপ্রতিমায় হাহাকার

সুন্দরবনের জঙ্গলে পেটের টান মেটাতে গিয়ে আবারও বাঘের গ্রাসে প্রাণ হারালেন এক মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের কলস দ্বীপ সংলগ্ন এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল ৩৬ বছর বয়সি যুবক জীবন ভক্তার। সবথেকে ভয়ংকর বিষয় হলো, জীবনবাবুর স্ত্রী দুর্গা ভক্তার চোখের সামনেই বাঘ তাঁকে ঘাড়ে কামড়ে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার গ্রাম থেকে ১০ জন মিলে কলস দ্বীপের পশ্চিম চরে কাঁকড়া ধরতে গিয়েছিলেন এই দম্পতি। শুক্রবার সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ জঙ্গল থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে জীবনের ওপর। স্ত্রীর আর্ত চিৎকারে সঙ্গীরা ছুটে এলেও ঘন জঙ্গলের আঁধারে বাঘের পিছু নেওয়া সম্ভব হয়নি। অবশেষে রবিবার দুপুরে সঙ্গীরা সাহস করে জঙ্গলে তল্লাশি চালিয়ে জীবনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন।

মৃত যুবকের বাড়ি জি-প্লটের সত্যদাসপুর এলাকায় হলেও বিয়ের পর তিনি রামগঙ্গার ইন্দ্রপ্রস্থ আদিবাসী কলোনিতে থাকতেন। তাঁর মৃত্যুতে দুই নাবালক সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বন দফতর ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সরকারি সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়েছেন অসহায় স্ত্রী ও স্থানীয় বাসিন্দারা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy