সুন্দরবনে ফের কুমিরের হানা! পেটের টানে নদীতে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী

পেটের তাগিদে সুন্দরবনের নদীতে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে আরও এক মৎস্যজীবী কুমিরের হামলার শিকার হলেন। বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ওই মৎস্যজীবীর খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, নিখোঁজ মৎস্যজীবীর নাম সুনীল মণ্ডল (৫০)। বৃহস্পতিবার দুপুরে তিনি গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিড়িপুর পঞ্চায়েতের ট্রিবলিঘেরি সংলগ্ন দত্ত নদীতে মাছ ধরছিলেন। দুপুর আনুমানিক দুটো নাগাদ হঠাৎ একটি কুমির পেছন থেকে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে নদীর গভীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌকায় থাকা তাঁর সঙ্গী সাধন মণ্ডল দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। চোখের সামনে সুনীলকে টেনে নিয়ে যায় কুমিরটি।

ঘটনার পর মাঝি সাধন মণ্ডল দ্রুত স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে বনদপ্তর, পুলিশ এবং স্থানীয় গ্রামবাসীরা যৌথভাবে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু নিখোঁজ মৎস্যজীবীর কোনো হদিস মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনকারী সুনীলের এমন পরিণতিতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী অঞ্জলি মণ্ডল এবং পরিবারের অন্যান্য সদস্যরা। অঞ্জলি মণ্ডল জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও তাঁর স্বামী মাছ ধরতে গিয়েছিলেন। পরিবারের একমাত্র রোজগেরে মানুষটি এমন দুর্ঘটনার শিকার হবেন, তা তাঁরা ভাবতে পারেননি। এই ঘটনা সুন্দরবনের মৎস্যজীবী পরিবারগুলির মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।