সুন্দরবনে ডবল ধামাকা! একই দিনে বাঘ ও ডলফিনের দেখা পেয়ে রোমাঞ্চিত পর্যটকরা

প্রকৃতি যেন দুই হাত উজাড় করে আশীর্বাদ করল একদল পর্যটককে। সুন্দরবন ভ্রমণে এসে একই দিনে রয়্যাল বেঙ্গল টাইগার এবং গাঙ্গেয় ডলফিনের দেখা পাওয়া যে কতটা বিরল, তা পর্যটকদের উচ্ছ্বাসেই স্পষ্ট। গত শনিবার বারুইপুর থেকে আসা ১৯ জনের একটি পর্যটক দলের ভাগ্যে জুটল এই জোড়া দর্শন, যা সচরাচর অভিজ্ঞ গাইডদের চোখেও পড়ে না।

ভ্রমণ চলাকালীন বেনিফেলি জঙ্গলের ধারে হঠাৎই পর্যটকদের নজরে আসে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গল থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ নদীর চরে রাজকীয় ভঙ্গিতে ঘুরে বেড়ায় দক্ষিণরায়। পর্যটকেরা শ্বাসরুদ্ধকর সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করেন। গাইডের পরামর্শ মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখেই বাঘের গতিবিধি উপভোগ করেন সকলে। বাঘটি ফের জঙ্গলে ফিরে যাওয়ার পর পর্যটকদের আনন্দ যখন তুঙ্গে, ঠিক তখনই মাতলা নদীতে হাজির আরও এক বিস্ময়।

নৌকা কিছুটা পথ এগোতেই দেখা মেলে গাঙ্গেয় ডলফিনের। মাঝনদীতে ডলফিনের ডুব দেওয়া আর ভেসে ওঠার দৃশ্য পর্যটকদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। অভিজ্ঞ গাইডদের মতে, সুন্দরবনে বাঘ বা ডলফিন দেখা গেলেও একই দিনে দুটির দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার। পর্যটকদের ভাষায়, “সুন্দরবন সফরে এসে এমন অভিজ্ঞতা হবে কল্পনাও করিনি। এটা আমাদের জীবনের সেরা ভ্রমণ হয়ে থাকবে।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy