বঙ্গ রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিপিএম নেতা প্রতীক উর রহমান। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তিনি দল ছাড়ার ঘোষণা করতেই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে বাম শিবিরের অন্দরে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিপিএমের দুই দিনের গুরুত্বপূর্ণ রাজ্য কমিটির বৈঠকে এই দলবদল ইস্যু নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে।
বৈঠকের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রতীক উর রহমানকে নিয়ে বড় কোনো আলোচনা না হলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল ঝড়ের আগের স্তব্ধতা। সিপিএম নেতৃত্ব পরিস্থিতি পর্যালোচনা করে নিজেদের রণকৌশল সাজিয়ে নিয়েছে বলেই মনে করা হচ্ছে। আজ শুক্রবার, বৈঠকের দ্বিতীয় দিনে প্রতীকের ভবিষ্যৎ এবং তাঁর এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে কাঁটাছেঁড়া হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গতকালই সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছেন যে, রাজ্য কমিটির বৈঠক শেষে তিনি প্রতীকের বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করবেন। প্রতীক উর রহমানের এই বিচ্ছেদ কি নিছকই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সেলিমের আজকের মন্তব্যই ঠিক করে দেবে প্রতীকের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আলিমুদ্দিনের পরবর্তী পদক্ষেপ।