সারের বস্তা ৫ হাজারের বদলে মাত্র ১,৩০০ টাকায়! কৃষকদের পকেট বাঁচাতে মোদী সরকারের বিশাল আর্থিক পদক্ষেপের খতিয়ান

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হলেও তার সরাসরি আঁচ যাতে দেশের কৃষক ও সাধারণ মানুষের পকেটে না পড়ে, তার জন্য কেন্দ্র সরকার বিশাল আর্থিক বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য অনুযায়ী, বিশ্ববাজারের পরিস্থিতির নিরিখে দেশে ডিজেলের দাম লিটারপ্রতি ৫০ টাকা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু অন্নদাতা কৃষক এবং আমজনতার স্বার্থের কথা মাথায় রেখে সরকার মাত্র ৭ টাকা দাম বাড়িয়েছে এবং বাকি ৪৩ টাকা প্রতি লিটারে নিজেরাই বহন করেছে। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ইন্ডিয়া টুডে গ্রুপের ‘কিষাণ তাক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা সামাল দিতে কেন্দ্র প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকার আর্থিক বোঝা বহন করছে। পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সংঘাতের জেরে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার থেকে লাফিয়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল। মোদীর কথায়, বিশ্ববাজারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সম্পূর্ণ চাপ দেশের সাধারণ নাগরিক ও কৃষকদের ওপর চাপিয়ে দিতে চায়নি সরকার। তিনি আরও উল্লেখ করেন যে, এই একই সময়ে ভারতের প্রতিবেশী দেশগুলিতে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভারতে সেই তীব্র মূল্যবৃদ্ধির ধাক্কা গ্রাহকদের ওপর পড়তে দেওয়া হয়নি। ট্র্যাক্টর চালানো, সেচের পাম্প এবং কৃষি পণ্য পরিবহণের মতো গুরুত্বপূর্ণ কাজে ডিজেল অপরিহার্য হওয়ায় এর দাম বাড়লে চাষের খরচ ও খাদ্যদ্রব্যের দাম বহুগুণ বেড়ে যেত।
ডিজেলের পাশাপাশি রাসায়নিক সারের দামেও বিপুল ভর্তুকির খতিয়ান পেশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গত ১২ বছরে কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার পৌঁছে দিতে কেন্দ্র ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। পরিসংখ্যান দিয়ে মোদী বলেন, আন্তর্জাতিক বাজারে এক বস্তা ডিএপি (DAP) সারের দাম যেখানে প্রায় ৫,০০০ টাকা, সেখানে ভারতের কৃষকদের তা দেওয়া হচ্ছে মাত্র ১,৩০০ টাকায়। একইভাবে, বিশ্ববাজারে ৩,০০০ টাকা মূল্যের এক বস্তা ইউরিয়া সার দেশের কৃষকরা পাচ্ছেন ৩০০ টাকারও কমে। কৃষকদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা এবং চাষবাসকে লাভজনক করে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে এদিন স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।