ট্রেনের এসি ফার্স্ট ক্লাসকেও হার মানাবে বাংলার নতুন সরকারি ভলভো স্লিপার বাস! কোন রুটে চলবে আর ভাড়াই বা কত?

দূরপাল্লার বাসযাত্রায় এবার আমূল পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গে। রাতভর বাসে সফর করলেও যাতে ক্লান্তির বদলে বিমানের মতো আরামের অনুভূতি মেলে, সেই লক্ষ্যেই রাজ্যের সরকারি পরিবহণ ব্যবস্থায় যুক্ত হতে চলেছে অত্যাধুনিক ভলভো স্লিপার বাস। এই প্রথম দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBSTC) বহরে জায়গা করে নিতে চলেছে Volvo 9600 সিরিজের মাল্টি-অ্যাক্সেল এসি স্লিপার বাস। বেঙ্গালুরুর ভলভো কারখানা থেকে ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে ৬টি নতুন বাস, যার মধ্যে দু’টি স্লিপার এবং বাকি চারটি ইকোনমি মডেলের সিটার ভলভো। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, SBSTC-কে ৪টি স্লিপার বাস দেওয়া হতে পারে।

পরিবহণ নিগম সূত্রে খবর, নতুন এই বিলাসবহুল স্লিপার বাসগুলি মূলত দূরপাল্লার রুটেই চালানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, প্রাথমিকভাবে কলকাতা থেকে শিলিগুড়ি এবং কলকাতা থেকে পুরী রুটে বাসগুলি চালানোর জোরালো সম্ভাবনা রয়েছে। এই দুই রুটে রাতের যাত্রীর চাপ বরাবরই বেশি। ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গ কিংবা পুরীর দীর্ঘ সফরে বসে থাকার পরিবর্তে শুয়ে আরামদায়ক যাত্রা করতে পারবেন সাধারণ মানুষ।

নতুন Volvo 9600 সিরিজের বাসগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে একগুচ্ছ আধুনিক ব্যবস্থা। প্রতিটি স্লিপার কেবিনে প্রশস্ত বার্থ, উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যক্তিগত চার্জিং পোর্ট, রিডিং লাইট, ইনফোটেনমেন্ট স্ক্রিন এবং অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের সুবিধা মিলবে। পাশাপাশি বড় প্যানোরামিক জানলা থাকায় বাইরের দৃশ্যও উপভোগ করা যাবে। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। বাসগুলিতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) এবং ইলেকট্রনিক ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল (EVSC) প্রযুক্তি যুক্ত থাকায় দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে। সাদা ও গেরুয়া রঙের নকশায় সাজানো বাসগুলির গায়ে হাওড়া ব্রিজ ও দক্ষিণেশ্বর মন্দিরের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

এক একটি বাসের আনুমানিক দাম দেড় থেকে দুই কোটি টাকা এবং প্রতিটি বাসে ৪৩টি আসন রয়েছে। কলকাতা বাস ও পিডিয়া-র সাধারণ সম্পাদক অনিকেত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বছরের শুরুতে NBSTC স্লিপার ভলভো পেলেও SBSTC এই প্রথম এমন বাস পাচ্ছে। বেসরকারি সংস্থার তুলনায় অনেকটাই কম ভাড়ায় সরকারি এই পরিষেবা মিলবে বলে আশা করা হচ্ছে। তবে কবে থেকে পরিষেবা শুরু হবে এবং ভাড়া ঠিক কত রাখা হবে, এখন সেদিকেই তাকিয়ে যাত্রীরা।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty