শীতের পথে ফের ভিলেন নিম্নচাপ! বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন সিস্টেম, বাংলায় কি ফের বৃষ্টির ভ্রুকুটি?

আগের নিম্নচাপের প্রভাব কাটতেই বাংলায় ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত তিন দিনে রাজ্যের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। রাত এবং ভোরের দিকে বাতাসে হালকা শীতের হিমেল আমেজ অনুভূত হচ্ছে, যার ফলে ভোরের আবহাওয়ায় বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে তাপমাত্রা সামান্য বাড়ছে এবং সূর্য ডুবলেই ফের পারদ নিম্নমুখী হচ্ছে। কলকাতা থেকে শুরু করে দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

তবে জাঁকিয়ে শীত পড়ার পথে ফের কাঁটা হয়ে দাঁড়াতে পারে নতুন একটি নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলে বড় কোনও দুর্যোগ বা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, বঙ্গোপসাগরের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন আবহবিদরা। আগামী সপ্তাহেই রাজ্যে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব বোঝা যাবে এবং এর জেরে উত্তুরে হাওয়া বাধা পেয়ে শীতের আমেজ সাময়িকভাবে থমকে যেতে পারে। অন্যদিকে, রাজ্যে যখন শীতের আগমনী বার্তা, ঠিক তখনই হেমন্তের মরশুমে তুষারপাতে ঢেকেছে উত্তর ভারতের পাহাড়। সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে লাদাখের দ্রাসের রাস্তা ও বাড়ির ছাদ। জম্মু-কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশের মানালি, লাহুল ও স্পিতিতেও একই মনোরম ছবি ধরা পড়েছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty