নতুন বছরের শুরুতেই যোগী রাজ্যে মহা-নির্বাচন! ভোটারদের প্রভাবিত করা রুখতে কী কী কড়া পদক্ষেপ নিল কমিশন?

নতুন বছরের শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই মেগা ভোটের দামামা বাজতেই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। ভোটে কালো টাকা, মদ বা অন্য কোনও প্রলোভনমূলক সামগ্রী ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রুখতে এখন থেকেই কড়া অবস্থান নিয়েছে কমিশন। ইতিমধ্যেই রাজ্যের ব্যয়-সংবেদনশীল নির্বাচনী এলাকাগুলি চিহ্নিত করার কাজ জোরকদমে শুরু হয়েছে। এর পাশাপাশি, বেআইনি নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য এবং উপহার সামগ্রীর আনাগোনা ও বিতরণ বন্ধ করতে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের মোট ২৩টি এনফোর্সমেন্ট সংস্থাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার লখনউয়ের যোজনা ভবনে উত্তরপ্রদেশের প্রধান নির্বাচনী আধিকারিক (সিইও) নবদীপ রিনওয়া এই ২৩টি সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে তিনি আধিকারিকদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং নির্বাচনের সময় অর্থ ও অন্যান্য প্রলোভনমূলক সামগ্রী বিতরণ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সরকারি বিবৃতি অনুযায়ী, নগদ টাকা, মদ, মাদক, মূল্যবান ধাতু এবং ভোটারদের প্রভাবিত করতে পারে এমন যে কোনও সামগ্রীর অবৈধ পরিবহণ ও বিতরণের ওপর কড়া নজরদারি চালাবে এই সংস্থাগুলি। এই তালিকায় রয়েছে আয়কর বিভাগ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রাজ্য ও কেন্দ্রীয় জিএসটি বিভাগ, কাস্টমস, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পুলিশ, আবগারি, রেলওয়ে, বন, পরিবহণ বিভাগ, সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের মতো গুরুত্বপূর্ণ সংস্থা। আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমানায় অবস্থিত চেকপোস্টগুলির পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক নগদ জমা বা তোলা এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের ওপরও তীক্ষ্ণ নজর রাখা হবে।

সিইও নবদীপ রিনওয়া জানিয়েছেন, ২০২২ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর তথ্য বিশ্লেষণ করে ব্যয়-সংবেদনশীল কেন্দ্রগুলি চিহ্নিত করা হবে। এর সঙ্গে গত ছয় মাসের নথিবদ্ধ কার্যকলাপও খতিয়ে দেখা হবে। নজরদারি আরও নিখুঁত করতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে নয়টি করে ‘ফ্লাইং স্কোয়াড’ এবং নয়টি করে ‘স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম’ মোতায়েন করা হবে। এছাড়া, বাজেয়াপ্ত সামগ্রীর সঠিক হিসাব রাখতে ‘ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম’ পোর্টাল ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। সমস্ত বিভাগকে বরিষ্ঠ আধিকারিকদের ‘নোডাল অফিসার’ হিসেবে নিয়োগ করার নির্দেশ দিয়ে সিইও স্পষ্ট জানিয়েছেন, পর্যালোচনা সভায় কনিষ্ঠ আধিকারিকদের প্রতিনিধি হিসেবে পাঠানো চলবে না।