১লা এপ্রিল ২০২৬ থেকে প্যান (PAN) কার্ডের আবেদন ও ব্যবহারের নিয়মে আমূল পরিবর্তন আনল আয়কর দপ্তর। এখন থেকে নতুন প্যান কার্ড পেতে গেলে সাধারণ ভারতীয় নাগরিকদের ‘ফর্ম ৪৯এ’-এর বদলে বাধ্যতামূলকভাবে ‘ফর্ম ৯৩’ এবং অনাবাসী ভারতীয়দের ‘ফর্ম ৯৫’ পূরণ করতে হবে। পরিচয় যাচাইকরণ প্রক্রিয়াকে আরও কঠোর করতে এখন থেকে শুধুমাত্র আধার কার্ড থাকলেই চলবে না, সঙ্গে জন্মতারিখের বৈধ প্রমাণপত্র (যেমন জন্ম সংশাপত্র, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
লেনদেনের ক্ষেত্রেও এসেছে একাধিক নতুন নিয়ম। এখন থেকে কোনও আর্থিক বছরে ব্যাঙ্কে নগদ জমার পরিমাণ ১০ লক্ষ টাকা ছাড়ালে প্যান তথ্য দেওয়া বাধ্যতামূলক। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো, ৫ লক্ষ টাকার কম মূল্যের গাড়ি কেনা বা ২০ লক্ষ টাকার কম স্থাবর সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের কড়াকড়ি শিথিল করা হয়েছে। হোটেল বা রেস্তোরাঁয় বিল মেটানোর ক্ষেত্রেও প্যান দেওয়ার সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। কর ফাঁকি রোধ এবং আর্থিক স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে বিভাগ।





