ডিজিটাল লেনদেনের যুগে এক চরম বিপদের বার্তা শোনাল সাইবার বিশেষজ্ঞরা। আপনার অজান্তেই আপনার ফোন এবং ইউপিআই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে ‘ডিজিটাল লুটেরা’ (Digital Lutera) নামক এক ভয়ংকর টুলকিট। সাইবার গোয়েন্দা সংস্থা ‘ক্লাউডসেক’ (CloudSEK)-এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, এই নতুন প্রযুক্তির মাধ্যমে হ্যাকাররা ইউপিআই অ্যাপের সুরক্ষা কবচ অনায়াসেই ভেঙে ফেলছে। এমনকি আপনার সিম কার্ড আপনার ফোনে থাকা অবস্থাতেই অন্য ডিভাইস থেকে আপনার ইউপিআই অ্যাকাউন্ট পরিচালনা করতে সক্ষম হচ্ছে অপরাধীরা।
বিশেষজ্ঞদের মতে, এই জালিয়াতি শুরু হয় একটি সাধারণ এপিকে (APK) ফাইলের মাধ্যমে। ট্রাফিক ফাইন, বিয়ের কার্ড বা লটারির টোপ দিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেজে একটি লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করলেই ফোনের এসএমএস (SMS) দেখার অনুমতি পেয়ে যায় হ্যাকাররা। এরপর ওই ফোনের ইউপিআই রেজিস্ট্রেশন মেসেজটি মাঝপথে আটকে দিয়ে হ্যাকাররা নিজেদের ফোনে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করে নেয়। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, গ্রাহক কোনো ওটিপি (OTP) বা পিন শেয়ার না করলেও তাঁর টাকা উধাও হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। সাধারণ মানুষকে অপরিচিত কোনো লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড না করতে এবং ফোনে সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত ব্যাংক বা ১৯৩০ হেল্পলাইনে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।