বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জেরে বড়সড় ধাক্কা খেল বিমান পরিষেবা। জেট ফুয়েল বা এটিএফ-এর (ATF) আকাশছোঁয়া দাম বৃদ্ধির কারণে আজ থেকেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটে ভাড়া বাড়ানোর ঘোষণা করল দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবে বিমানের জ্বালানির দাম প্রায় ১৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশই খরচ হয় জ্বালানিতে। ঘরোয়া বিমানের ক্ষেত্রে দূরত্বের ওপর ভিত্তি করে অতিরিক্ত ‘ফুয়েল চার্জ’ ধার্য করা হয়েছে। ৫০০ কিমি পর্যন্ত দূরত্বের জন্য ২৭৫ টাকা এবং ২০০০ কিমির বেশি দূরত্বের ক্ষেত্রে ৯৫০ টাকা অতিরিক্ত গুনতে হবে যাত্রীদের।
আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে পকেটে টান পড়বে আরও বেশি। গত ৩০ দিনে এটিএফ-এর দাম দ্বিগুণ হওয়ায় যুক্তরাজ্য ও ইউরোপের ক্ষেত্রে প্রতি সেক্টরে ১০ হাজার টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন ও আফ্রিকার ক্ষেত্রেও ৩৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সারচার্জ দিতে হবে। এর আগে মার্চ মাসেও এক দফায় সারচার্জ বাড়িয়েছিল সংস্থাটি। ইন্ডিগো জানিয়েছে, সরকারি হস্তক্ষেপ না থাকলে সাধারণের জন্য বিমান ভ্রমণ কার্যত অসম্ভব হয়ে পড়ত, তাই বর্তমান পরিস্থিতির মোকাবিলায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য।





