সাত রাজ্যে ৭২ হাজার কোটির প্রকল্প, ভোটের আগে মোদীর ‘মাস্টারস্ট্রোক’

অশান্ত মণিপুরে অবশেষে শান্তি ফেরানোর বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে হিংসা শুরুর পর এই প্রথম মণিপুর সফরে যাচ্ছেন তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু করে তিন দিনের সফরে তিনি মণিপুর ছাড়াও মিজোরাম, অসম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন। এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
মণিপুরে ৭৩০০ কোটির প্রকল্প
মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে অন্যতম হল চূড়াচাঁদপুরে ৭,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প। রাজ্যটির সড়ক উন্নয়নের জন্য তিনি ৩,৬০০ কোটি টাকার প্রকল্প চালু করবেন। এছাড়া, ২,৫০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি মহাসড়ক এবং ৯টি স্থানে কর্মজীবী মহিলাদের হোস্টেল-সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফর মণিপুরে স্বাভাবিকতা ফিরিয়ে আনার বার্তা দেবে বলে আশা করা হচ্ছে।
৫ রাজ্যে মোদীর সফরসূচি
প্রধানমন্ত্রীর পাঁচ রাজ্যের সফরের শুরুটা হবে মিজোরাম দিয়ে। এরপর তিনি মণিপুর যাবেন। মণিপুর থেকে তিনি অসম যাবেন। এরপর, ১৪ সেপ্টেম্বর তিনি যাবেন অসমে। ১৫ সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসবেন। এরপর তিনি বিহারে যাবেন। এই সফরে মোট ৭১ হাজার ৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন। পশ্চিমবঙ্গেও আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। তাই মোদীর এই দুই রাজ্য সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি এই সফরগুলোর মাধ্যমে নির্বাচনের আগে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে।