সাতসকালেই কুয়াশা আচ্ছন্ন বাংলা, পুজোর আগেই হঠাৎ নামল তাপমাত্রা

পুজোর আর হাতেগোনা মাত্র ১২ দিন বাকি। উৎসবের এই কাউন্টডাউনের মাঝেই আবহাওয়ায় এল এক অদ্ভুত চমক। আজ রবিবার সকালে কলকাতা শহরের তাপমাত্রা কিছুটা নামার পাশাপাশি দেখা মিলল হালকা কুয়াশার আস্তরণও। আজ সকাল সাতটা পর্যন্ত শহরের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে দেখা যায়, বিশেষ করে বাইপাস সংলগ্ন এলাকায় সকাল ছটার দিকে দৃশ্যমানতা ছিল বেশ কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিনই শহরের আকাশ মূলত মেঘলা থাকতে পারে।

কলকাতার আজকের আবহাওয়া

কলকাতার আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মহানগরীর আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উল্লেখ্য, গতকাল শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম (০.২ ডিগ্রি)। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। ভ্যাপসা গরমের মাঝেই আজকের এই কুয়াশাচ্ছন্ন সকাল কিছুটা হলেও স্বস্তি দিয়েছে শহরবাসীকে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানাচ্ছে, বর্তমানে রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা দুর্বল রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাই মূলত শুষ্ক থাকবে। তবে দুএকটি জায়গায় অতি হালকা বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুজোর কেনাকাটার মৌসুমে দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা ও শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও দুএক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।