সাঁঝের বেলায় ফের বাঘের হামলা! সুন্দরবনে মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল গভীর জঙ্গলে

ফের সুন্দরবনে বাঘের হামলার ঘটনা ঘটেছে। এবার গোসাবার কালিদাসপুরের বাসিন্দা এক মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ। সোমবার বিকালে চামটার জঙ্গলে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। নিখোঁজ মৎস্যজীবীর নাম চিরঞ্জিত মণ্ডল।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট চিরঞ্জিত মণ্ডল তার দুই সঙ্গীর সঙ্গে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। সোমবার বিকেলে তারা যখন চামটার জঙ্গলের কাছে মাছ ধরছিলেন, তখন একটি বাঘ হঠাৎই তাদের নৌকায় লাফিয়ে পড়ে। বাঘটি চিরঞ্জিতকে মুখে করে গভীর জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়।
চিরঞ্জিতের সঙ্গে থাকা বাকি দুই মৎস্যজীবী তাকে বাঁচানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। মঙ্গলবার বিকেলে তারা চিরঞ্জিতকে ছাড়াই এলাকায় ফিরে আসেন এবং বন দফতর ও সুন্দরবন কোস্টাল থানায় খবর দেন।
ঘটনার খবর পেয়ে সুন্দরবন কোস্টাল থানা পুলিশ এবং বন দফতর যৌথভাবে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।