সরকারি টাকায় বাড়ির ভেতরেই ডাস্টবিন! তৃণমূল নেতার কাণ্ডে ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে তৃণমূলের বুথ সভাপতি স্বরূপ মণ্ডলের বাড়ির ভেতর সরকারি টাকায় তৈরি করা একটি ভ্যাট বা ডাস্টবিনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, ২০২৩-২৪ অর্থবর্ষের সরকারি বরাদ্দের টাকা তছরুপ করে নিজের বাড়ির বাগানেই তিনি তৈরি করেছেন এই ডাস্টবিন। সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই ভ্যাটটি কখনও খোলা না হওয়ায় ক্ষোভ ছিলই, তার ওপর গতকাল সেই ক্ষোভ চরম আকার ধারণ করে। বিক্ষুব্ধ এলাকাবাসী ওই নেতার বাড়ির বাইরে এসে প্রথমে তুমুল বিক্ষোভ দেখান এবং ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। প্রতিবাদের অভিনব ভাষা হিসেবে বিক্ষোভকারীরা গ্রামের রাস্তার জমিয়ে রাখা ময়লা নিয়ে গিয়ে সরাসরি ওই তৃণমূল নেতার বাড়ির ভেতরে থাকা সেই ভ্যাটেই ফেলে দিয়ে আসেন।

স্থানীয়দের অভিযোগ, শুধু এই ভ্যাট নয়, সরকারি আবাসন প্রকল্প এবং শৌচাগার তৈরির টাকাতেও ব্যাপক অনিয়ম করেছেন স্বরূপ মণ্ডল। যদিও এ বিষয়ে অভিযুক্ত নেতা বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে শুধু মথুরাপুরই নয়, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। গত ২৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত কলকাতা পুরসভার এক ডজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। সুদীপ পোল্লে থেকে শুরু করে শামস ইকবাল—তালিকায় রয়েছেন হেভিওয়েট নাম। সাম্প্রতিক অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতাও বেড়েছে। আজই পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয়দের দাবি, আগের সরকার ক্ষমতায় থাকার সময় পুলিশের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই পুলিশ অপরাধীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিচ্ছে। মথুরাপুরের ঘটনার পর এলাকাবাসী এখন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।