সরকারি কর্মীদের বেতন বৈষম্য নয়! হাইকোর্টের নির্দেশে বেতন বাড়ছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের!

পুজোর ঠিক আগে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য এল দারুণ সুখবর। সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি মামলার শুনানিতে নির্দেশ দিয়েছে যে, ২০১০ সালের ১ এপ্রিলের পর নিযুক্ত সকল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নতুন বেতনক্রম অনুযায়ী বৃদ্ধি করতে হবে। হাইকোর্টের এই নির্দেশে শিক্ষাবন্ধু, প্যারা টিচার এবং অন্যান্য চুক্তিভিত্তিক সরকারি কর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
হাইকোর্টের রায়ে স্বস্তিতে কর্মীরা
মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি কর্মীদের মধ্যে বেতন বৈষম্য করা যাবে না। এর আগে একক বেঞ্চও একই নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে একক বেঞ্চের রায়ই বহাল রেখেছে।
কী ছিল রাজ্য সরকারের নির্দেশিকা?
২০১১ সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, যেসব চুক্তিভিত্তিক কর্মী ১০ বছর চাকরি পূর্ণ করবেন, তাদের বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে বলা ছিল, ২০১০ সালের ১ এপ্রিলের পর নিযুক্তরা এই সুবিধার আওতায় আসবেন না। এর প্রতিবাদে এই সময়ের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীরা আন্দোলন শুরু করেন এবং আদালতের দ্বারস্থ হন। তারা যুক্তি দেন যে, তারাও ৫-১০ বছর চাকরি করেছেন এবং নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি প্রাপ্য।
কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছে যে, রাজ্য সরকারের ২০১১ সালের সেই শর্ত এই ক্ষেত্রে কার্যকর হবে না। দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে নতুন বেতনক্রমের আওতায় আনার নির্দেশ দিয়েছে, যা পুজোর আগে এই কর্মীদের জন্য এক বড় প্রাপ্তি।