মহালয়ার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে মোদির ভাষণ: নবরাত্রি থেকে শুরু ‘সঞ্চয় উৎসব’, কী এই GST 2.0?

মহালয়ার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দেশের আম জনতার জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘এক দেশ, এক কর’ (One Nation One Tax) প্রক্রিয়ায় নতুন করে সংস্কারের কথা ঘোষণা করলেন তিনি। সোমবার, অর্থাৎ নবরাত্রির প্রথম দিন থেকেই ‘সঞ্চয় উৎসব’ (GST 2.0) কার্যকর হবে বলে জানান প্রধানমন্ত্রী।

কেন এই জিএসটি সংস্কার?
প্রধানমন্ত্রী বলেন, নবরাত্রির প্রথম দিন থেকে নতুন জিএসটি কার্যকর হবে, যা আত্মনির্ভর ভারত গড়ার পথে এক নতুন পদক্ষেপ। এর মাধ্যমে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—সবাই উপকৃত হবেন। তিনি জানান, আগে দেশবাসী হাজারো করের বোঝায় জর্জরিত ছিল, যার ফলে সমস্যা আরও বাড়ত। এই অবস্থা থেকে মুক্তি দিতেই জিএসটি কার্যকর করা হয়েছিল।

নতুন জিএসটি হার অনুযায়ী, এখন থেকে মূলত ৫% এবং ১৮% জিএসটি দিতে হবে। এর ফলে অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে। প্রধানমন্ত্রী বলেন, “এখন নিউ মিডল ক্লাসের যুগ, তাই দেশবাসীর স্বপ্নপূরণ এখন সহজ হয়ে যাবে।” নতুন জিএসটি-এর সুবিধা পর্যটন শিল্পেও পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। এই উদ্যোগের ফলে বাণিজ্য আরও উৎসাহিত হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হবে বলে আশা করা যায়।