সমুদ্রের জলে লুকিয়ে ৪৫০ কোটি টন ইউরেনিয়াম! তা থেকে জ্বালানি ছাঁকতে যুগান্তকারী ফিল্টার বানাল IISc!

পৃথিবীর স্থলভাগে ইউরেনিয়ামের ভাণ্ডার সীমিত হলেও তার কয়েকশো গুণ বেশি সম্পদ লুকিয়ে রয়েছে সমুদ্রের জলে! কিন্তু সেই বিপুল জলরাশি থেকে নির্দিষ্ট করে ইউরেনিয়াম আলাদা করা এতদিন বিজ্ঞানীদের কাছে এক অসম্ভব চ্যালেঞ্জ ছিল। সেই জটিল সমস্যারই এক যুগান্তকারী সমাধান বের করলেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (IISc)-এর গবেষকরা। সমুদ্রের জল থেকে ইউরেনিয়াম ছেঁকে নেওয়ার জন্য তাঁরা তৈরি করেছেন এক বিশেষ ধরনের মেমব্রেন বা ছাঁকনি।
বিজ্ঞানীদের মতে, স্থলভাগে প্রায় ৭৫ লক্ষ টন ইউরেনিয়াম মজুত থাকলেও, সমুদ্রের জলে এর পরিমাণ প্রায় ৪৫০ কোটি টন! ভবিষ্যতে স্থলভাগের খনিগুলো ফুরিয়ে এলে সমুদ্রই হতে পারে শক্তির প্রধান উৎস। কিন্তু সমস্যা ছিল সমুদ্রের জলে উপস্থিত সোডিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো হাজারো আয়নের ভিড় থেকে শুধু ইউরেনিয়ামকে আলাদা করা।
কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? IISc-এর পদার্থবিদ্যা বিভাগের গবেষক যোগেন্দ্র কুমার, বীনু ভার্ঘিসি এবং প্রাবল কে মাইতির নেতৃত্বাধীন টিম ‘স্লিপড কোভ্যালেন্ট অর্গানিক ফ্রেমওয়ার্ক’ (COF) নামের এই বিশেষ মেমব্রেন তৈরি করেছে। এটি সাধারণ ছাঁকনির মতো কেবল কণার আকারের ওপর নির্ভর করে না, বরং এর ন্যানোস্কেল স্তরের বিশেষ বিন্যাস জলের অন্যান্য সাধারণ আয়নকে সহজে পার হতে দিলেও ইউরেনিল আয়নকে সুকৌশলে আটকে রাখে।
ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ এবং দূষিত ভূগর্ভস্থ জল পরিশোধন—উভয় ক্ষেত্রেই এই অভিনব আবিষ্কার এক বিশাল বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।