সব বরফ কি গলছে? অজিত ডোভালের সঙ্গে মেগা বৈঠকে সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে বড় চুক্তিতে পৌঁছল ভারত-কানাডা

ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে অবশেষে নতুন বরফ গলতে শুরু করেছে। দুই দেশের মধ্যকার বরফাবৃত সম্পর্কে উষ্ণতা ফিরিয়ে আনতে এবার নিরাপত্তা ও কূটনৈতিক স্তরে এক বড়সড় পদক্ষেপ নেওয়া হলো। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির জ্যেষ্ঠ উপদেষ্টা তথা কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা ডেভিড মরিসন মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। ভারতের এনএসএ অজিত ডোভালের আমন্ত্রিণেই এই উচ্চপর্যায়ের সফর বলে জানা গেছে।
নিরাপত্তা ও সন্ত্রাস দমনে ঐতিহাসিক চুক্তি নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা বিগত দিনে গৃহীত কর্মপরিকল্পনাগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। বৈঠকে বিশেষভাবে জোর দেওয়া হয় সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, মাদক ও মানব পাচার এবং আন্তঃরাষ্ট্রীয় সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ওপর। এছাড়া বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ— দ্রুত বর্ধনশীল সাইবার অপরাধ ও চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধ দমনেও যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে ভারত ও কানাডা। পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সংক্রান্ত প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতেও দুই দেশের মধ্যে বিশেষ সমঝোতা হয়েছে।
অর্থনৈতিক অংশীদারিত্ব ও প্রতিরক্ষা সহযোগিতা নিরাপত্তা আলোচনার পাশাপাশি দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিষয়টিও সমান গুরুত্ব পেয়েছে। বৈঠকে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) নিয়ে চলমান আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি, দুই দেশের শীর্ষ নেতৃত্বের দূরদর্শী চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়েও বিশদ আলোচনা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অতীতে দুই দেশের সম্পর্কে নানা টানাপোড়েন দেখা দিলেও, বর্তমান এই নিরাপত্তা ও অর্থনৈতিক সংলাপ ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কে এক নতুন ও ইতিবাচক অধ্যায়ের সূচনা করল।