সবুজসাথীর সাইকেল বিতরণ বন্ধ! খোলা মাঠে পড়ে আছে লক্ষাধিক সাইকেল, নেপথ্যে কোন কারণ?

রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প সবুজসাথীর সাইকেলগুলি খোলা আকাশের নিচে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে এই সাইকেলগুলো। এই খবর নবান্নের কাছে পৌঁছাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলা শাসকদের কাছে দ্রুত এই সাইকেলগুলোকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়ার জন্য সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি নবান্ন। কেন জেলার বিভিন্ন জায়গায় সাইকেলগুলো এভাবে পড়ে আছে, সে বিষয়ে অনগ্রসর শ্রেণির দফতরের সচিবকে ২০ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জানা গেছে, জেলাশাসকের কার্যালয় কর্তৃক নির্ধারিত জায়গাতেই এই সাইকেলগুলো রাখা আছে। কিন্তু বর্ষার সময়ে সাইকেলের এমন দুর্দশার খবর সামনে আসতেই প্রশাসনিক মহলে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে।

২০১৫-১৬ সালে শুরু হওয়া এই জনমুখী প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধা করে দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিগত দশটি পর্যায়ে ১ কোটি ৩৮ লক্ষের বেশি সাইকেল বিতরণ করা হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় ৪ হাজার ৭৩০ কোটি টাকা।

এত বিশাল অঙ্কের টাকা খরচ করে দেওয়া সাইকেলগুলো কেন এখনো বিতরণ করা হয়নি, এবং কেন তা খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।