আর জি করের ছায়া পাঁশকুড়ায়! হাসপাতালের ঘটনায় যুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলে

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এবার রাজ্যের প্রাক্তন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে, চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্রের নাম উঠে এসেছে। আর জি কর কাণ্ডের আন্দোলনকারী সংগঠন ‘অভয়া মঞ্চের’ সদস্যরা হাসপাতালে গিয়ে অভিযোগ তোলেন যে, অভিযুক্ত ঠিকাদার সংস্থা ‘রিলায়্যাবল সার্ভিস লিমিটেড’-এর ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার কারণে অভিযুক্তের দাপট ছিল হাসপাতালে।
অন্যদিকে, তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর ছেলে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছিলেন এবং পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
এই ঘটনার প্রতিবাদে SUC পাঁশকুড়া ব্লকে আগামীকাল ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। একইসঙ্গে, আর জি কর কাণ্ডের বর্ষপূর্তিতে এই ধরনের ঘটনা ঘটায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
হাসপাতালের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ওই দিনের ডিউটি রোস্টার এবং কর্মীদের বয়ান খতিয়ে দেখছে। সূত্রের খবর, হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে অভিযুক্ত ঠিকাদার সংস্থা এখনও শোকজের জবাব জমা দেয়নি। এই বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানানো হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মৌখিকভাবে আগেই প্রশাসনিক কর্মী ও নজরদারির অভাবের কথা জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা এবং নজরদারি আরও বাড়ানো দরকার বলে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।