“সবটাই মিথ্যে, ভিডিও প্রকাশ করুক কমিশন!” ফিরহাদ-রাজীবদের বৈঠকের পরই বিস্ফোরক শুভেন্দু

রাজ্য রাজনীতির নজর এখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দিকে। সোমবার নিউটাউনের এক হোটেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেষ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের তিন প্রতিনিধি— ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রাক্তন আইপিএস রাজীব কুমার। বৈঠক থেকে বেরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) সংক্রান্ত তাঁদের কোনো কথাই শুনতে চায়নি কমিশন। এমনকি তাঁর কণ্ঠরোধের চেষ্টা হয়েছে বলেও বিস্ফোরক দাবি করেন তিনি। চন্দ্রিমা বলেন, “আমাকে বলা হয়েছে চিৎকার করবেন না, অথচ আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলছিলাম।”

তৃণমূলের এই অভিযোগের পালটা দিতে দেরি করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি তৃণমূল প্রতিনিধিদের বিরুদ্ধে ‘মিথ্যে বলার’ অভিযোগ তুলেছেন। শুভেন্দু দাবি করেন, তৃণমূল নেতারা কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করতে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে কাল্পনিক গল্প তৈরি করছেন। তিনি সওয়াল করেন, “তৃণমূল যদি সত্যি কথা বলে থাকে, তবে ওই বৈঠকের ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক। দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে।” শুভেন্দুর মতে, সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করাটা আসলে তৃণমূলের এক ধরণের চক্রান্ত। এই ভিডিও প্রকাশের দাবি এখন রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy