ইরান যুদ্ধের আঁচ এবার সরাসরি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে। বিশ্বজুড়ে ঘনীভূত জ্বালানি সংকটের মোকাবিলায় নজিরবিহীন কৃচ্ছ্রসাধনের পথে হাঁটল বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অর্থাৎ, এক ঘণ্টা কর্মঘণ্টা কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
শুধু অফিস নয়, নতুন নির্দেশিকা অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ করতে হবে দেশের সমস্ত দোকানপাট ও শপিংমল। ব্যাংকিং লেনদেন চলবে বিকেল ৩টে পর্যন্ত। সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি, সন্ধ্যার পরেই মূল ব্যবসা হয়, তাই ৬টায় বন্ধ করলে বড়সড় ক্ষতির মুখে পড়বেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ৫ভ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয় আবাসিক খাতে, আর বাণিজ্যিক খাতে মাত্র ১১ শতাংশ; ফলে এই সিদ্ধান্তে কতটা সাশ্রয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আগামী তিন মাস নতুন গাড়ি বা কম্পিউটার কেনাতেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের পরেই স্পষ্ট হবে এই কঠোর বিধিনিষেধের ভবিষ্যৎ।





