আদালতের নির্দেশ অমান্য ও পুলিশের কাজে বাধা! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

আদালতের নির্দেশ অমান্য করা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ করা হয়েছে। হেস্টিংস থানায় দায়ের হওয়া এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক কঠোর ধারা যুক্ত করা হয়েছে।

হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, ক্যাথিড্রাল রোডের সভার সময় উত্তরমুখী লেনটি খোলা রাখতে হবে এবং দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। কিন্তু পুলিশের অভিযোগ, সেই নির্দেশকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে নির্ধারিত সময়ের পরেও সভা চালানো হয়। পাশাপাশি, অতিরিক্ত জনসমাগমের জেরে রাস্তার দু’টি লেনই পুরোপুরি বন্ধ হয়ে যায়। সভা চলাকালীন কর্মী-সমর্থকদের উসকানি দেওয়ার জেরে ব্যারিকেড ভেঙে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। যার ফলে তীব্র যানজট ও চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন, এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তাদের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।