২০২৬-এর প্রজাতন্ত্র দিবসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে মালদহ জেলা। দিল্লির রাজপথে জাতীয় কুচকাওয়াজে এবার কদম মেলাবেন মালদহ কলেজের দুই লড়াকু ছাত্রী। এনসিসি (NCC) এবং এনএসএস (NSS) বিভাগের এই দুই ছাত্রীর যুগপৎ সাফল্যে খুশির জোয়ার জেলা জুড়ে। এই প্রথম জেলার কোনো দুই ‘সু-কন্যা’ একসঙ্গে দিল্লির রাজপথে ভারতের শক্তি প্রদর্শনের আঙিনায় মালদহের প্রতিনিধিত্ব করবেন।
সাফল্যের দুই কারিগর এই জোড়া সাফল্যের অন্যতম দাবিদার এনসিসি সদস্য পুনম সরদার এবং এনএসএস সদস্য ঐশ্বর্য সরকার। পুনম মালদহ কলেজের সংস্কৃত বিভাগের ছাত্রী এবং ঐশ্বর্য অঙ্কের মেধাবী ছাত্রী। প্রজাতন্ত্র দিবসের মহড়ায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। যাত্রার আগে মালদহ কলেজে ঐশ্বর্য সরকারকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। ঐশ্বর্য জানান, “এনএসএস-এ যোগ দেওয়ার মাত্র এক বছরের মাথায় এমন এক জাতীয় স্তরের মঞ্চে যাওয়ার সুযোগ পেয়ে আমি অভিভূত।”
গর্বিত মালদহ ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় মালদহ কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য এই সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। তাঁর কথায়, “প্রতি বছর এনসিসি থেকে সুযোগ এলেও, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এনএসএস বিভাগ থেকে এই প্রথম কেউ জাতীয় স্তরের জোন প্রতিযোগিতায় সাফল্য পেয়ে দিল্লির প্যারেডে যাচ্ছে। এটি শুধু কলেজের নয়, গোটা জেলার গর্ব।”
২৬ জানুয়ারি দিল্লির রাজপথে যখন মালদহের এই দুই কন্যা কুচকাওয়াজে অংশ নেবেন, সেই গর্বের মুহূর্ত চাক্ষুষ করতে মুখিয়ে রয়েছেন মালদহবাসী। দুই ছাত্রীর এই জয়যাত্রা জেলার অন্যান্য পড়ুয়াদের কাছেও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।