সংসার ধর্মে ‘আইআইটি বাবা’! বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার তরুণীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভয় সিং

মহাকুম্ভ মেলায় সাবলীল ইংরেজিতে আধ্যাত্মিকতার ব্যাখ্যা দিয়ে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিলেন তিনি। দুনিয়া তাঁকে চেনে ‘আইআইটি বাবা’ নামে। সেই চর্চিত মুখ অভয় সিং এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। গত ১৫ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের মনোরম পরিবেশে, মহাশিবরাত্রির পুণ্য তিথিতে বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতীকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।

হরিয়ানার ঝাজ্জারের বাসিন্দা অভয়ের জীবনকাহিনি কোনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। আইআইটি বোম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার মতো মেধাবী ছাত্র হয়েও তিনি বেছে নিয়েছিলেন আধ্যাত্মিকতার পথ। মুম্বইয়ে চার বছর ফোটোগ্রাফি ও চারুকলার চর্চার পর হঠাতই সন্ন্যাসের টানে ঘর ছাড়েন তিনি। মহাকুম্ভে বিদেশি পর্যটকদের কাছে বিজ্ঞান ও দর্শনের মেলবন্ধন ব্যাখ্যা করে নজর কেড়েছিলেন এই তরুণ।

দীর্ঘ এক বছরের বন্ধুত্ব ও পরিণয় শেষে প্রতীকার সঙ্গে চার হাত এক করলেন অভয়। প্রতীকার মতে, অভয় অত্যন্ত সহজ-সরল ও সত্যনিষ্ঠ মানুষ। বিয়ের পর দম্পতি ঝাজ্জারের আদি বাড়িতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে ভগবান শিবের এই একনিষ্ঠ ভক্ত বিশ্বাস করেন, বিজ্ঞানের গভীরে প্রবেশ করলে তা মানুষকে অবধারিতভাবে আধ্যাত্মিকতার দিকেই চালিত করে। সেই দর্শন নিয়েই এবার গার্হস্থ্য জীবনে পা রাখলেন আধুনিক যুগের এই ‘আইআইটি বাবা’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy