ষাটোর্ধ্ব ঠাকুমা-দিদিমাদের জন্য বিশেষ স্কুল, গোলাপি শাড়ি পরে লেখাপড়া শিখছেন তাঁরা

স্কুল ইউনিফর্ম পরে, পিঠে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাচ্ছেন ষাটোর্ধ্ব মহিলারা—এমন দৃশ্য সাধারণত দেখা যায় না। কিন্তু ভারতেই এমন একটি অভিনব স্কুল রয়েছে, যার নাম ‘আজিবাঈচি শালা’, যেখানে শুধুমাত্র ৬০ বছরের বেশি বয়সের মহিলারাই পড়াশোনা করেন।
মহারাষ্ট্রের থানে জেলার ফানগানে গ্রামে ২০১৬ সালে স্থানীয় চিকিৎসক যোগেন্দ্র বাঙ্গার এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। সমাজের যে সকল মহিলা ছোটবেলায় পড়াশোনার সুযোগ পাননি, তাদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করাই ছিল তার উদ্দেশ্য। এই মহৎ উদ্যোগে এগিয়ে আসে মতিলাল দালাল চ্যারিটেবল ট্রাস্ট।
স্কুলে ভর্তি হওয়া প্রতিটি ছাত্রীকে গোলাপি শাড়ি ইউনিফর্ম হিসেবে পরতে হয়। দুপুর ২টা বাজলেই এই সকল ঠাকুমা ও দিদিমারা পিঠে ব্যাগ নিয়ে স্কুলে হাজির হন। এখানে তাদের বর্ণপরিচয়, অঙ্ক কষা থেকে শুরু করে প্রাথমিক স্তরের সকল বিষয় শেখানো হয়। করোনা মহামারির কারণে কিছুদিন স্কুল বন্ধ থাকলেও এখন আবার পুরোদমে পড়াশোনা চলছে।