কনকনে ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ। বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়েও কাশ্মীরে শীতের দাপট কমার বদলে উল্টে রেকর্ড গড়ল। শ্রীনগরে গত রাতে তাপমাত্রার পারদ নেমে গিয়ে পৌঁছেছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র ঠান্ডার জেরে শ্রীনগরের জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ডাল লেকের উপরিভাগে বরফের পাতলা আস্তরন জমতে দেখা গিয়েছে, যা দেখে পর্যটকরা শিহরিত হলেও স্থানীয়দের নাভিশ্বাস উঠছে।
তীব্র ঠান্ডার প্রভাবে শ্রীনগরের জল সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় জলের পাইপ ফেটে যাওয়ার খবর মিলেছে, আবার কোথাও পাইপের ভেতরেই জল জমে বরফ হয়ে যাওয়ায় ট্যাপ দিয়ে জল পড়ছে না। সকালের দিকে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। বরফ দেখার টানে পর্যটকরা কাশ্মীরে ভিড় জমলেও, এই তীব্র শৈত্যপ্রবাহে হোটেলের পরিষেবা এবং যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় অনেকেই সমস্যায় পড়ছেন। শিকারা চালক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় পর্যটকদের আনাগোনা কমেছে। বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক থাকতে এবং উপযুক্ত শীতবস্ত্র সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।