শ্রমিক আন্দোলনের আড়ালে নকশাল ষড়যন্ত্র!’ নয়ডার হিংসায় বিস্ফোরক দাবি যোগী আদিত্যনাথের

বকেয়া মজুরি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধার দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নয়ডার ফেজ-২ শিল্পাঞ্চল। রবিবার শ্রমিকদের এই আন্দোলন হঠাৎই হিংসাত্মক রূপ ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি শুরু করে। বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভের মূলে রয়েছে প্রতিবেশী রাজ্য হরিয়ানার একটি সিদ্ধান্ত। সম্প্রতি হরিয়ানা সরকার অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৫% বৃদ্ধি করে ১১,২৭৪ টাকা থেকে ১৫,২২০ টাকা করেছে। এর পরেই নয়ডার শ্রমিকরা উত্তরপ্রদেশ সরকারের কাছে সমহারে বেতন বৃদ্ধির দাবিতে সরব হন। তাঁদের অভিযোগ, একই কাজের জন্য হরিয়ানার তুলনায় তাঁরা কম বেতন পাচ্ছেন। এছাড়া সাপ্তাহিক ছুটি ও নিরাপত্তার অভাব নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন শ্রমিকরা।

এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সাফ জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও শ্রম আইন মেনে চলা বাধ্যতামূলক। তবে আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও সতর্ক করে দিয়ে বলেন, “শ্রমিকদের নাম ভাঙিয়ে মৃতপ্রায় নকশালবাদকে পুনরুজ্জীবিত করার ষড়যন্ত্র চলছে কি না, তা খতিয়ে দেখতে হবে।” বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়ডার ফেজ-২ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy