হেরিটেজ টয়ট্রেনে চড়ে পাহাড়ে যাওয়ার পথে চরম বিপত্তি। ট্রেনের শৌচালয়ে লুকিয়ে ধূমপান করতে গিয়ে আগুন আতঙ্ক ছড়িয়ে দিলেন চার পর্যটক। বুধবার সকালে এনজেপি থেকে দার্জিলিংগামী এসি টয়ট্রেনটি শিলিগুড়ি টাউন স্টেশনে পৌঁছানোর সময় এই ঘটনা ঘটে। ধোঁয়ার জেরে ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করেন।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) সূত্রে খবর, টাউন স্টেশনে ঢোকার মুখে আচমকা একটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেওয়া হয়। রেল কর্মীরা দ্রুত ইঞ্জিন থেকে কামরাটি আলাদা করে দেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। তবে দীর্ঘ তল্লাশির পর জানা যায়, কোনো যান্ত্রিক গোলযোগ বা অগ্নিকাণ্ড নয়, বরং কামরার শৌচালয়ে বসে লুকিয়ে ধূমপান করছিলেন চার যাত্রী। তাঁদের বিড়ির ধোঁয়াতেই স্বয়ংক্রিয় অ্যালার্ম বেজে উঠেছিল।
এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। মিনিট দশেকের জন্য যাত্রা ব্যাহত হলেও পরে ফের দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, এটি মূলত ‘ম্যান-মেড’ ধোঁয়া ছিল। ট্রেনের ভেতরে ধূমপান নিষিদ্ধের নোটিশ আরও বড় করে লাগানো হবে এবং পর্যটকদের সচেতন করার কাজ চলবে। দীর্ঘ পাঁচ বছর পর চালু হওয়া হেরিটেজ জঙ্গল সাফারিতে এই ধরণের দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ রেল কর্তৃপক্ষ।