শোরুম উদ্বোধনের পর ভারতে প্রথম বিক্রি হল টেসলা, কে কিনল জানেন?

দীর্ঘ প্রতীক্ষার পর গত জুলাই মাসে ভারতের বাজারে টেসলা (Tesla)-র আগমন ঘটে। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC)-এ বিলাসবহুল শোরুম খোলার মাত্র দু’মাসের মধ্যেই বিক্রি হয়ে গেল টেসলার প্রথম গাড়ি, ‘মডেল ওয়াই’ (Model Y)। এই ঐতিহাসিক গাড়িটি কিনেছেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনায়েক। সাদা রঙের গাড়িটির পাশে দাঁড়িয়ে মন্ত্রীর ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে।

ভারতে টেসলার এই প্রথম ডেলিভারিটি শুধু একটি গাড়ি বিক্রি নয়, বরং দেশের বৈদ্যুতিক গাড়ি বাজারে এক নতুন বিপ্লবের সূচনা। ‘মডেল ওয়াই’-এর দাম শুরু হচ্ছে ₹৫৯.৮৯ লক্ষ টাকা (RWD) থেকে, এবং লং রেঞ্জ ভেরিয়েন্টের দাম ₹৬৭.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

এই মডেলটি বিশেষভাবে ভারতীয় রাস্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে রয়েছে উচ্চতর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে গাড়িটি— লং রেঞ্জ RWD এবং লং রেঞ্জ AWD।

কী কী ফিচার রয়েছে?
এই গাড়িতে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার। যেমন:

১৫.৪ ইঞ্চির টাচস্ক্রিন: বিশাল টাচস্ক্রিন ডিসপ্লে।

বিকল্প রঙ: গাড়ির জন্য ছ’টি রঙের অপশন রয়েছে। তবে পার্ল হোয়াইট, ডায়মন্ড ব্ল্যাক, কুইক সিলভার এবং আল্ট্রা রেড রঙের জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে।

ওয়্যারলেস চার্জিং: কেবিনে ওয়্যারলেস চার্জিং, USB-C পোর্ট এবং ইন্টারনেট কানেক্টিভিটির সুবিধা রয়েছে।

অন্যান্য বৈশিষ্ট্য: ভয়েস কমান্ড এবং অ্যাপ-ভিত্তিক গাড়ি অ্যাক্সেসের মতো আধুনিক প্রযুক্তিও রয়েছে।

টেসলা এই বছর ভারতে ৩৫০ থেকে ৫০০টি গাড়ি পাঠানোর পরিকল্পনা করেছে। প্রথম ব্যাচটি ইতিমধ্যেই সাংহাই থেকে এসেছে, এবং আরও শোরুম খোলার পরিকল্পনাও রয়েছে।