ভারতের রাস্তায় পাকিস্তানের নোট! কোথা থেকে এলো এই টাকা? চরম আতঙ্ক কোচবিহারে

কোচবিহারের মেখলিগঞ্জ শহরের রানীরহাট বাজারের রাস্তায় পড়ে আছে পাকিস্তানি টাকার নোট! এই অদ্ভুত ঘটনাটি কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার রাতে এক দোকানদার এই টাকা কুড়িয়ে পাওয়ার পর বৃহস্পতিবার সকালে খবরটি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার রাতে প্রফুল্ল রায় নামে এক দোকানদার তাঁর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎই তিনি বাজারের রাস্তায় কিছু নোট পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভাবেন, কোনো ভারতীয় নোট হয়তো পকেট থেকে পড়ে গেছে। কিন্তু নোটটি হাতে নিয়েই তিনি চমকে ওঠেন। সেগুলি ভারতের নয়, পাকিস্তানের মুদ্রা। প্রফুল্ল রায় একটি ১০০ এবং একটি ১০ টাকার পাকিস্তানি নোট কুড়িয়ে পান।

বৃহস্পতিবার সকালে এই খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই শুরু হয়। ভারতের মাটিতে পাকিস্তানি টাকা কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, নিকটবর্তী চ্যাংড়াবান্ধায় মানি এক্সচেঞ্জ কাউন্টার থাকলেও সেখানে পাকিস্তানি টাকা লেনদেন হয় না। ফলে এই টাকা কোথা থেকে এলো, তা ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

স্থানীয়দের মনে এখন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি এলাকার কোনো ব্যক্তির সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে? নাকি অচল জেনেই কেউ এই টাকাগুলি ফেলে দিয়েছে? স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে। তবে এই ঘটনার পর রানীরহাট বাজারের দোকানদার এবং স্থানীয়রা এক অজানা আতঙ্কে ভুগছেন। তাঁরা দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।