অবশেষে কর্ণাটকের ক্ষমতার অন্দরমহলে বড় পরিবর্তন। রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিদ্দারামাইয়া। বৃহস্পতিবার সকালে নিজের সরকারি বাসভবন ‘কাবেরী’-তে আয়োজিত এক প্রাতঃরাশ বৈঠকে তিনি তাঁর মন্ত্রিসভার সদস্যদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বর্তমান উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই রদবদল রাজ্যের কংগ্রেস নেতৃত্বের অভ্যন্তরীণ ক্ষমতা ভাগাভাগির সমীকরণেরই প্রতিফলন। সিদ্দারামাইয়া নিজেই শিবকুমারের নাম উত্তরসূরি হিসেবে প্রস্তাব করেছেন এবং বিধায়কদের তাঁর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন। আজ বিকেল ৩টায় রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে সিদ্দারামাইয়ার।
ভারতের অন্যতম ধনী রাজনীতিবিদ হিসেবে পরিচিত ডিকে শিবকুমার দীর্ঘকাল ধরেই কর্ণাটক রাজনীতির কেন্দ্রে রয়েছেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী, তাঁর ও তাঁর পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩ কোটি টাকারও বেশি। এর মধ্যে স্থাবর ও অস্থাবর সম্পত্তির পাশাপাশি রয়েছে বিলাস বহুল ঘড়ি এবং অলঙ্কার। তবে তাঁর বিরুদ্ধে থাকা ১৯টি ফৌজদারি মামলাও নিয়মিত আলোচনার বিষয় হয়ে থাকে। ১৯৮৯ সালে প্রথম বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন শিবকুমার এখন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদের দিকে পা বাড়ালেন। তাঁর এই উত্তরণ কর্ণাটকের পরবর্তী রাজনৈতিক গতিপ্রকৃতিতে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর দেশের রাজনৈতিক মহলের।





