ত্বিশা শর্মা মৃত্যু মামলা: সিবিআইয়ের জালে শাশুড়ি গিরিবালা, খারিজ আগাম জামিন

মডেল ও অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যু রহস্যে নতুন মোড়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই গ্রেপ্তার করল ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংকে। যৌতুকের দাবিতে হয়রানি ও মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার হাতে নেওয়ার পরেই সিবিআই এই কড়া পদক্ষেপ নিল।

বুধবার মধ্যপ্রদেশ হাইকোর্ট গিরিবালা সিংয়ের আগাম জামিন খারিজ করে দেয়। বিচারপতি দেবনারায়ণ মিশ্র তাঁর ১৭ পৃষ্ঠার রায়ে স্পষ্ট জানিয়েছেন, আসামী গিরিবালার বিরুদ্ধে আনা অভিযোগ অত্যন্ত গুরুতর। আদালত আরও উল্লেখ করেছে, আগাম জামিন পাওয়ার পর গিরিবালা সিং তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। সিবিআইয়ের তথ্য অনুযায়ী, পুলিশ তাঁর বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ জব্দ করার পর, অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করেন।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর, ২০২৫-এ ত্বিশা শর্মার সঙ্গে সমর্থে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হতো বলে অভিযোগ। সিবিআই ভারতীয় দণ্ডবিধির ৮০(২), ৮৫, ৩(৫) এবং যৌতুক নিরোধ আইনের ৩ ও ৪ ধারায় নতুন এফআইআর দায়ের করেছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত জরুরি। হাইপ্রোফাইল এই মামলায় গিরিবালার গ্রেপ্তারিতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ভোপালে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy