শেষ লগ্নে জানকবুল লড়াই! শমীককে পাশে নিয়ে কলকাতায় ‘ভিক্টরি মার্চ’ শুভেন্দু অধিকারীর

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের অন্তিম লগ্নে রণংদেহি মেজাজে ধরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রচারের শেষ বেলায় দক্ষিণ কলকাতায় এক বিশাল পদযাত্রার মাধ্যমে কার্যত শক্তির আস্ফালন করল গেরুয়া শিবির। পূর্ণা সিনেমা হল থেকে শুরু হয়ে এই মেগা পদযাত্রা শেষ হয় কলকাতার ব্যস্ততম এক্সাইড মোড়ে। শুভেন্দুর এই ‘ভিক্টরি মার্চ’কে কেন্দ্র করে কলকাতার রাজপথে মানুষের ঢল নামে, যা আসন্ন ভোটের আগে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
এদিন শুভেন্দু অধিকারীর পাশে পদযাত্রায় পা মেলান বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। হাতে দলীয় পতাকা এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুভেন্দু অধিকারী এদিন কোনো ভাষণ না দিলেও, তাঁর শরীরী ভাষা এবং উপচে পড়া ভিড় বুঝিয়ে দিয়েছে যে, দ্বিতীয় দফার ১৪২টি আসনের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ বিজেপি।
বিশেষ করে কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলোতে গত কয়েকদিন ধরে তৃণমূল যেভাবে প্রচার চালিয়েছে, এদিন শুভেন্দুর এই পদযাত্রা ছিল তার যোগ্য জবাব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুর ও রাসবিহারী সংলগ্ন এই এলাকায় শুভেন্দুর এই মেগা শো ভোটারদের মনস্তত্ত্বে বড় প্রভাব ফেলতে পারে। পদযাত্রার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দক্ষিণ কলকাতার যান চলাচল। প্রচারের শেষ দিনে এই জনজোয়ার দেখে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির এখন শুধু বুধবারের ব্যালট যুদ্ধের অপেক্ষায়।